এক ঘণ্টায় ৬১ পয়েন্ট হারিয়েছে সূচক
দেশের পুঁজিবাজারে আজ লেনদেনের শুরুতেই বড় দরপতন হয়েছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ৬১ পয়েন্ট কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ সোমবার সকাল ১০ টায় লেনদেন শুরুর পর থেকে শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স। এক পর্যায়ে ৮০ পয়েন্ট হারায় সূচকটি। লেনদেনের ৪০ মিনিট পর থেকে সূচক কিছুটা ঘুরে দাড়াতে শুরু করে। বেলা ১১টা পর্যন্ত সূচকটি আগের দিনের তুলনায় প্রায় ১ শতাংশ কমে ৬ হাজার ৫০৪ পয়েন্টে দাঁড়ায়।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এদিন বেলা ১১ টা পর্যন্ত ১ শতাংশ কমে ২ হাজার ৩৮২ ও শরিয়াহ সূচক ডিএসইএস দশমিক ৫৯ শতাংশ কমে ১ হাজার ৪২৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ২৭৭টির আর অপরিবর্তিত ছিল ৩৭টি সিকিউরিটিজের বাজারদর। এসময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে প্রায় ২৫০ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।



