আল-আকসায় অনড় ফিলিস্তিনিরা, অস্ত্রের মুখেও ‘নড়বো না’

অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে এবারের রমজানেও ফিলিস্তিনিদের ওপর হামলে পড়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। অস্ত্রশস্ত্র নিয়ে একাধিকবার মুসলিমদের ওপর আক্রমণ চালিয়েছে তারা। ছুড়েছে রাবার বুলেট, কাঁদানে গ্যাস, লাঠিপেটা করা হয়েছে নিরস্ত্র মুসল্লিদের। কিন্তু এত সহিংসতার মধ্যেও একবিন্দু ভয় নেই সাহসী ফিলিস্তিনিদের, দখলদার অস্ত্রের সামনেই বুক চিতিয়ে দাঁড়াচ্ছেন তারা। ইহুদি দখলদারদের বিরুদ্ধে তাদের প্রতিবাদের নতুন ভাষা হয়ে উঠেছে ‘নড়বো না’।

পূর্ব জেরুজালেমে ইসরায়েলি দখলদারদের সামনে ফিলিস্তিনিদের অনড় অবস্থানের বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। একটি ভিডিওতে সশস্ত্র ইসরায়েলি সৈন্যের চোখে চোখ রেখে তাকিয়ে থাকা এক ফিলিস্তিনি তরুণীর বিদ্বেষপূর্ণ দৃষ্টিই যেন বলে দিচ্ছে, ‘নট বাজিং’ অর্থাৎ নড়বো না।

এই শব্দটি মূলত কিফাহ জারাইকির একটি জনপ্রিয় ফিলিস্তিনি গান থেকে এসেছে, যার নাম ‘আনা ইবনে ইল-কুদস’ বা ‘আমি জেরুজালেমের সন্তান’। ফিলিস্তিনে এটি এখন ট্রেন্ডিং। ওই গানে জারাইকি বলেছেন, আমি জেরুজালেমের সন্তান, আমি নড়ছি না। আমি এখানেই থাকছি।

মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার (১৫ এপ্রিল) পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডবে দেড়শ জনের বেশি আহত হলে আবারও ফুঁসে ওঠেন ফিলিস্তিনিরা। তাদের ওপর রাবারের প্রলেপ দেওয়া ধাতব বুলেট, কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড ছোড়ে দখলদার বাহিনী, পেটানো হয় নির্দয়ভাবে। সেদিন কয়েক হাজার মুসল্লি পবিত্র মসজিদটিতে ফজরের নামাজ পড়তে সমবেত হয়েছিলেন।

 

সম্পর্কিত খবর