সড়ক দুর্ঘটনায় বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী রাইসুল ইসলাম শুভ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় দোলা পরিবহন যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়।

এতে ভ্যানচালকসহ দুজন যাত্রীর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুভ মারা যায়। অপর যাত্রীরা গোপালগঞ্জ সদর হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহ মুহাম্মদ মঞ্জুরুল কবির বলেন, ‘দুর্ঘটনার পর কয়েকজন ব্যক্তি তাদের জরুরি বিভাগে নিয়ে আসলে আমরা পরীক্ষা করে শিক্ষার্থীকে মৃত ঘোষণা করি এবং নিয়মানুযায়ী পুলিশকে বিষয়টি অবগত করি।’

দুর্ঘটনার বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দোলা বাসটি পুলিশ হেফাজতে রয়েছে এবং ড্রাইভারকে ধরে হস্তান্তর করতে দোলা পরিবহন কর্তৃপক্ষকে ১ ঘণ্টা সময় দেয়া হয়েছে।’

এদিকে দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীকে দেখতে গোপালগঞ্জ সদর হাসপাতালে উপস্থিত হয়েছেন বশেমুরবিপ্রবি উপাচার্য ড. এ কিউ এম মাহবুব।

এ সময় উপাচার্য বলেন, একজন সম্ভাবনাময়ী শিক্ষার্থীর এমন মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এ ধরনের মৃত্যু কোনোক্রমেই মেনে নেয়ার মত নয়। এই সড়কে ইতিপূর্বেও এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে আর কাউকে এই সড়কে এভাবে প্রাণ হারাতে না হয় তার জন্য নিরাপদ সড়ক নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর