সূচকের পাশাপাশি পতনের ধারা অব্যাহত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর কমায় আগের দিনের মতো কালও ডিএসইর সূচকের বড় পতন হয়েছে। একই সঙ্গে বুধবার ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, বুধবার ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৫৮ দশমিক ২২ পয়েন্ট বা ১ দশমিক ০৪ শতাংশ কমে ৫ হাজার ৫২৭ দশমিক ৩৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১২ দশমিক ৭৯ পয়েন্ট বা ১ দশমিক ০৪ শতাংশ কমে ১ হাজার ২১২ দশমিক ৯৬ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১৪ দশমিক ১৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৭০ শতাংশ কমে ১ হাজার ৯৭৭ দশমিক ৭৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৫২৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৬৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ১৩৮ কোটি ৩ লাখ টাকা কমেছে। এদিন ১৫ কোটি ৯২ লাখ ২৬ হাজার ৯১৯টি শেয়ার ১ লাখ ৩৭ হাজার ৬০ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ৩০১টির এবং অপরিবর্তিত ছিল ৩৩টির দর।

বুধবার টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ১৯ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ই-জেনারেশন লিমিটেডের ১৮ কোটি ৭ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ১৮ কোটি ২ লাখ, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৭ কোটি ৮৭ লাখ, বেস্ট হোল্ডিং লিমিটেডের ১৪ কোটি ২২ লাখ, মালেক স্পিনিং মিলস লিমিটেডের ১০ কোটি ৫৫ লাখ, কোহিনুর কেমিক্যালস লিমিটেডের ১০ কোটি, প্যারমাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ কোটি ৮৪ লাখ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৯ কোটি ৮০ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৯ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বুধবার ৮ দশমিক ৭৭ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে রিলায়েন্স ওয়ান দি ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড। এর পরের অবস্থানে থাকা রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের ৬ দশমিক ৩৮ শতাংশ, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬ দশমিক ৩১ শতাংশ, ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেডের ৫ দশমিক ৯৫ শতাংশ, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের ৫ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪ দশমিক ৭৬ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৪ দশমিক ৫৯ শতাংশ, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৪ দশমিক ৩৮ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড-১ এর ৪ দশমিক ১০ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৩ দশমিক ৮৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে বুধবার সিএসসিএক্স মূল্যসূচক ৬৫ দশমিক ০২ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৬ শতাংশ কমে ৯ হাজার ৬৬৯ দশমিক ৬৭ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১০৪ দশমিক ৫৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৪ শতাংশ কমে ১৬ হাজার ৬০ দশমিক ২২ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির দর।

এন এস

সম্পর্কিত খবর