সাভার রিফ্র্যাক্টরিজের পর্ষদ সভা আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেডের পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২১-২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (সেপ্টেম্বর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে লোকসান ছিল ২৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬১ পয়সায়।

পূর্ববর্তী বছরগুলোর ধারাবাহিকতায় সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯২ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩০ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৯৪ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১ টাকা ৮৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। ২০১১ সালের পর আর কোনো লভ্যাংশ দেয়নি বিবিধ খাতের তালিকাভুক্ত কোম্পানিটি। ২০১৪ সাল থেকে লোকসান দেখাচ্ছে তারা।

১৯৮৮ সালে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০ কোটি ও পরিশোধিত মূলধন ১ কোটি ৩৯ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিটির পুঞ্জীভুত লোকসান ৫২ লাখ টাকা। মোট ১৩ লাখ ৯২ হাজার ৮০০টি শেয়ারের ৫০ দশমিক ৬৮ শতাংশ রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের কাছে, ৭ দশমিক ১৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ও বাকি ৪২ দশমিক ১৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

ডিএসই গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৯৩ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ১৪০ টাকা থেকে ৩০৮ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

সম্পর্কিত খবর