সপ্তাহের শেষ দিনেও বড় পতন পুঁজিবাজারে
চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বড় পতন হয়েছে দেশের পুঁজিবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ৭৬ শতাংশ। অবশ্য সূচক কমলেও এক্সচেঞ্জটির দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর ৩ মিনিট পর্যন্ত সূচক ঊর্ধ্বমুখী ছিল। এর পর থেকেই বিক্রয় চাপের কারণে পয়েন্ট হারাতে থাকে সূচক। মাঝে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত গতকাল দিনশেষে ৫২ পয়েন্ট কমে ৬ হাজার ৭০৩ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স, যা এর আগের কার্যদিবসে ছিল ৬ হাজার ৭৫৪ পয়েন্টে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি অবদান রেখেছে বেক্সিমকো লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি), বিকন ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার।
ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিনশেষে ১০ পয়েন্ট কমে ১ হাজার ৪২৪ পয়েন্টে অবস্থান করছে, যা আগের দিন ছিল ১ হাজার ৪৩৪ পয়েন্টে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ২৪ পয়েন্ট কমে গতকাল ২ হাজার ৫১২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন শেষে যা ছিল ২ হাজার ৫৩৬ পয়েন্টে।
গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৮০১ কোটি টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৬৭ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ৮২টির, কমেছে ২৬১টির আর অপরিবর্তিত ছিল ৩৫টি সিকিউরিটিজের বাজারদর।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২৪ দশমিক ৪০ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে সাধারণ বীমা খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১২ দশমিক ৬১ শতাংশ দখলে নিয়েছে ওষুধ ও রসায়ন খাত। ৯ দশমিক ৮০ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ব্যাংক খাত। চতুর্থ অবস্থানে থাকা চামড়া খাতের দখলে ছিল লেনদেনের ৮ দশমিক ১৬ শতাংশ। এছাড়া বিবিধ খাতের দখলে ছিল ৭ দশমিক ৬৫ শতাংশ। গতকাল সাধারণ বীমা খাতের শেয়ারে সবচেয়ে বেশি ২ দশমিক ১ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। ঋণাত্মক রিটার্নের দিক দিয়ে শীর্ষে ছিল পাট খাত।
গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ সিকিউরিটিজ ছিল ফরচুন সুজ, বেক্সিমকো লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস, এশিয়া ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক, সোনালী পেপার, জেনেক্স ইনফোসিস, সাইফ পাওয়ার, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ও জিএসপি ফাইন্যান্স।
গতকাল ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ সিকিউরিটিজ ছিল ঢাকা ডাইং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স ও কর্ণফুলী ইন্স্যুরেন্স।
অন্যদিকে গতকাল এক্সচেঞ্জটিতে দর কমার শীর্ষে থাকা কোম্পানির মধ্যে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, এপেক্স ফুটওয়্যার, এম আই সিমেন্ট, তমিজুদ্দীন টেক্সটাইল, প্রিমিয়ার লিজিং, ন্যাশনাল টি, লিবরা ইনফিউশন, রেনউইক যজ্ঞেশ্বর, বিচ হ্যাচারি ও দেশ গার্মেন্টস।
সিএসইতে গতকাল সিএসসিএক্স সূচক দিনের ব্যবধানে ৮৪ পয়েন্ট কমে ১১ হাজার ৭৩৫ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১১ হাজার ৮১৮ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৭৭টির আর অপরিবর্তিত ছিল ৩১টির বাজারদর। গতকাল সিএসইতে মোট ৪৯ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১১০ কোটি টাকা।


