সদ্যসমাপ্ত বছরে ব্রাজিলের রেকর্ড সয়াবিন রফতানি

সদ্যসমাপ্ত বছরে ব্রাজিলের সয়াবিন রফতানির পরিমাণ রেকর্ড স্পর্শ করেছে। ২০২১ সালে দেশটি ৮ কোটি ৬৬ লাখ টন সয়াবিন রফতানি করেছে। ২০২০ সালে ব্রাজিলের সয়াবিন রফতানির পরিমাণ ছিল ৮ কোটি ২৩ লাখ টন। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সিরিয়াল এক্সপোর্টার্সের (এএনইসি) বার্ষিক রফতানি প্রতিবেদনে এমনটা দেখা যায়। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।

এএনইসি জানায়, ২০২১ সালে দেশটির সয়াবিনের সর্বোচ্চ ক্রেতা ছিল চীন। এ সময় চীনে প্রায় ছয় কোটি টন সয়াবিন রফতানি করেছে ব্রাজিল। সংস্থাটি জানায়, ২০২০-২১ মৌসুমে ব্রাজিলের সয়াবিন উৎপাদন যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ পরিমাণ স্পর্শ করেছে। উল্লিখিত মৌসুমে দেশটিতে সয়াবিনের উৎপাদন দাঁড়ায় ১৩ কোটি ৭১ লাখ টন। উৎপাদনের এ প্রবৃদ্ধি দেশটিকে এর আগের বছরের তুলনায় রফতানি পরিমাণে ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করে। এর আগে ব্রাজিলের সর্বোচ্চ সয়াবিন রফতানির পরিমাণ ছিল ২০১৮ সালে ৮ কোটি ৩৮ লাখ টন।

২০১১ সাল থেকে ব্রাজিলের সয়াবিন রফতানির পরিমাণ ক্রমাগত বাড়ছে। ২০১১ সালে দেশটির সয়াবিন রফতানির পরিমাণ ছিল ৩ কোটি ৩০ লাখ টন। ২০১৮ সাল থেকে প্রতি বছর ব্রাজিলের রফতানীকৃত সয়াবিনের পরিমাণ গড়ে ৮ কোটি ১২ লাখ টন।

অন্যদিকে, চলতি মৌসুমে ব্রাজিলের ভুট্টার উৎপাদন দাঁড়ায় ৮ কোটি ৫৮ লাখ টন, যা এর আগের মৌসুমের তুলনায় ১৮ শতাংশ কম।

সম্পর্কিত খবর