সদস্য দেশগুলোকে ৮ বিলিয়ন ডলার অর্থায়ন করবে এডিবি

ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সাব-রিজিওনাল করিডোর অবকাঠামো উন্নয়নে কাজ করছে। সেই ধারাবাহিকতায় আঞ্চলিক করিডোরের উন্নয়নে আরো ৮ বিলিয়ন ডলার অর্থায়ন করবে এডিবি। প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরে এ অর্থায়নের পরিমাণ ৬৮ হাজার কোটি টাকা। এডিবির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এডিবি আঞ্চলিক অবকাঠামো উন্নয়নকে আরো বেগবান করতে ৫ দশমিক ৩ বিলিয়ন ডলার ঋণ ও অনুদান প্রতিশ্রুতি দিয়েছে এবং ২ দশমিক ৭ বিলিয়ন ডলার কো-ফাইন্যান্সিং করবে। এডিবির সদস্য ৬৮টি দেশ সহজ শর্তের এ ঋণ ব্যবহার করে আঞ্চলিক করিডোর উন্নয়ন করেছে। কনসেশনাল এ ঋণে সুদের হার ২ শতাংশ। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবসা-বিনিয়োগ সম্প্রসারণে ওই ঋণ ব্যবহার করা হয়েছে।

গ্রেটার মেকং সাব-রিজিওন (জিএমএস) কর্মসূচির আওতায় এডিবি সাব-রিজিওনাল করিডোরে ভৌত অবকাঠামো উন্নয়ন করেছে। কর্মসূচির আওতায় এর আগে ২০১২ থেকে ২০২০ মেয়াদে ১৩০টি প্রকল্পে ৫৬ বিলিয়ন ডলার সংগ্রহ করেছিল এডিবি। প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরে বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ ৪ লাখ ৭৬ হাজার কোটি টাকা। উপ-আঞ্চলিক অর্থনৈতিক সম্প্রসারণ আরো প্রসারিত করতে বিভিন্ন ধরনের ইতিবাচক পদক্ষেপ প্রচার করছে সংস্থাটি। এডিবির প্রাতিষ্ঠানিক সহায়তা কর্মসূচিটি ছিল গুরুত্বপূর্ণ। জিএমএস কর্মসূচির আওতায় এডিবিভুক্ত দেশগুলোতে ১৩০টির বেশি প্রকল্পে অর্থায়ন করা হয়েছে, যার পরিমাণ ছিল ৫৬ বিলিয়ন ডলার। ফলে উপ-অঞ্চলের অর্থনৈতিক করিডোরগুলোতে অবকাঠামো অনেক উন্নত হয়েছে। নতুন ৮ বিলিয়ন ডলার অর্থায়নে আরো উন্নত হবে অর্থনৈতিক করিডোরগুলো।

এডিবির আইইডি মহাপরিচালক ইমানয়েল জিমেনেজ জানিয়েছেন, জিএমএস কর্মসূচি দেখিয়েছে কীভাবে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা উন্নত করা যায়। সমবেতভাবে এ কর্মসূচির সুবিধা নিতে পারে দেশগুলো। আঞ্চলিক করিডোরে উভয় দেশ লাভবান হবে।

সম্পর্কিত খবর