শেয়ারহোল্ডারদের অনুমোদন নিয়েছে ইনডেক্স এগ্রো

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে উত্তোলন করা টাকা দিয়ে স্বলমেয়াদি ব্যাংকঋণ পরিশোধের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারহোল্ডাররা। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির ২১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন নেয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির ৩৫ কোটি ৪৯ লাখ ৩২ হাজার ১০০ টাকার স্বল্পমেয়াদি ব্যাংকঋণ রয়েছে। এজন্য আইপিও থেকে প্রাপ্ত টাকা দিয়ে এ ঋণের আংশিক পরিশোধের সিদ্ধান্ত নেয় কোম্পানিটির পরিচালনা পর্ষদ। যদিও আইপিও ঘোষণা অনুযায়ী, এ টাকা দিয়ে মেশিনারি ও সরঞ্জাম কেনা এবং ভবন ও অন্যান্য স্থাপনা নির্মাণে ব্যবহার করার কথা ছিল।

আইপিওর টাকা থেকে ঋণ পরিশোধের কারণ ব্যাখ্যা করে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ বলছে, তারা ২০১৬ সালের ২৭ অক্টোবর আইপিওর জন্য আবেদন করে। আর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে অনুমোদন পায় চলতি বছরের ২০ জানুয়ারি। পুরো প্রক্রিয়ায় তাদের চার বছরের বেশি সময়ের প্রয়োজন হয়েছে। কিন্তু ব্যবসায়িক স্বার্থে কোম্পানিটি আইপিও প্রক্রিয়াকরণের এ সময়ের মধ্যে নিজস্ব অর্থ ও ব্যাংকঋণের মাধ্যমে মেশিনারিজ ও সরঞ্জাম স্থাপন সম্পন্ন করেছে। আর ভবন ও অন্যান্য নির্মাণের কাজ আংশিকভাবে সম্পন্ন করা হয়েছে। এজন্য এখন ওই খাতের অর্থ তারা ব্যাংকঋণ পরিশোধে ব্যবহার করবে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৯ টাকা ৭৯ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৫৩ টাকা ৬৪ পয়সা।

ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১২৭ টাকা ৪০ পয়সা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৫৫ টাকা ৬০ পয়সা ও ১৪৮ টাকা।

সম্পর্কিত খবর