রেকর্ড পরিমাণ ভুট্টা আমদানি করবে ফিলিপাইন

চলতি বিপণন মৌসুমে ফিলিপাইনে ভুট্টা আমদানি রেকর্ড উচ্চতায় পৌঁছতে পারে। এ বছর উৎপাদিত ভুট্টা দিয়ে দেশটি চাহিদা পূরণে সক্ষম হবে না। এ কারণেই আমদানি বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস কর্তৃক প্রকাশিত গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়, ২০২১-২২ বিপণন মৌসুমে ফিলিপাইনে ভুট্টা উৎপাদন ১৮ দশমিক ৫ শতাংশ কমতে পারে। ঘাটতি পূরণে দেশটি গত মৌসুমের তুলনায় দ্বিগুণেরও বেশি ভুট্টা আমদানি করতে পারে। ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, চলতি মৌসুমে ফিলিপাইনের ভুট্টা আমদানি ১২ লাখ টনে পৌঁছতে পারে। গত বিপণন মৌসুমে আমদানির পরিমাণ ছিল ৬ লাখ ২৬ হাজার টন।

প্রতিবেদনের তথ্য বলছে, চলতি মৌসুমে ফিলিপাইনে ভুট্টা উৎপাদন কমে ৭৫ লাখ টনে নামতে পারে। গত বছর উৎপাদনের পরিমাণ ছিল ৮৩ লাখ ৫০ হাজার টন। উৎপাদন বিপর্যয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে হলুদ ভুট্টা।

ইউএসডিএ বলছে, ফিলিপাইনের কৃষকরা ভুট্টার পরিবর্তে অনেক বেশি লাভজনক শস্য উৎপাদনে ঝুঁকছেন। ফলে খাদ্যশস্যটির আবাদের পরিমাণও উল্লেখযোগ্য হারে কমেছে। চলতি বিপণন মৌসুমে ভুট্টা আবাদি অঞ্চল কমেছে ১২ শতাংশ।

সম্পর্কিত খবর