যুক্তরাষ্ট্রের নাসডাকে তালিকাভুক্ত হতে চায় শপআপ
যুক্তরাষ্ট্রের সবচেয়ে সক্রিয় শেয়ারবাজার নাসডাক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে চায় বাংলাদেশের বিজনেস টুন বিজনেস (বিটুবি) কমার্স কোম্পানি শপআপ। দেশের ভোগ্যপণ্যের শীর্ষস্থানীয় এই ডিস্ট্রিবিউশন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল রোববার সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় এ পরিকল্পনার কথা জানান। এ ছাড়া শপআপ মধ্যপ্রাচ্যে বাংলাদেশি পণ্যের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বাড়ানোর চেষ্টা করছে বলে তারা জানান।
রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে আয়োজিত আলোচনায় শপআপের প্রতিষ্ঠাতা ও সিইও আলীফ জামান, প্রেসিডেন্ট মামুন রশীদ, চিফ প্রোডাক্ট অফিসার আতাউর রহিম চৌধুরী, চিফ বিজনেস অফিসার সুজায়েত আলী, চিফ টেকনোলজি অফিসার জে. কৃষাণ প্রমুখ বক্তব্য রাখেন। মামুন রশীদ জানান, দেশের শীর্ষস্থানীয় স্টার্টআপ শপআপের ৬৫ শতাংশ মালিকানা বা বিনিয়োগ উত্তর আমেরিকার বিভিন্ন ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের। নাসডাকে বাংলাদেশের প্রথম কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হতে তারা পরিকল্পনা করছেন, যার অন্যতম উদ্দেশ্য বিদেশি বিনিয়োগকারীদের জন্য এক্সিটের ব্যবস্থা। এ ছাড়া আন্তর্জাতিক বিনিয়োগকারীদের যাতে মনে হয় যে, বাংলাদেশের একটি কোম্পানি আছে, যার আন্তর্জাতিক
কোম্পানির সব বৈশিষ্ট্য রয়েছে। শপআপ নাসডাকে তালিকাভুক্ত হলে বাংলাদেশের অর্থনীতিতে চার প্রভাব কী হবে জানতে চাইলে এর সিইও আলীফ জামান বলেন, এর ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বাংলাদেশ সম্পর্কে আরও আস্থা পাবেন। শপআপের পাশাপাশি অন্যদের বিষয়েও বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে।
আলোচনায় শপআপের ওপর এক উপস্থাপনায় জানানো হয়, শপআপ বাংলাদেশের বৃহত্তম ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। এই প্রতিষ্ঠানের অন্যতম কাজ হলো বড় উৎপাদনকারীদের কাছ থেকে ছোট দোকানদারদের কাছে পণ্য পৌঁছানোর সহজ ব্যবস্থা করা। শপআপের মোকাম প্ল্যাটফর্মের দেশের চাল, চিনি, ডাল, ময়দা ও অন্যান্য ভোগ্যপণ্যের শীর্ষস্থানীয় ডিস্ট্রিবিউটর। দেশের তিন কোটির বেশি মানুষের কাছে পৌঁছাতে পেরেছে মোকাম। শপআপের লজিস্টিক নেটওয়ার্ক ‘রেডএক্স’-এর সারাদেশে কার্যক্রম রয়েছে। প্রযুক্তিভিত্তিক এ সেবা দ্রুততম সময়ে পণ্য সরবরাহ করছে।
মামুন রশীদ আরও জানান, ছোট দোকানদারদের অর্থায়ন করা যায় কিনা- সে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে শপআপ। এ ছাড়া সরকারের ভর্তুকি মূল্যে খাদ্য বিতরণ কর্মসূচিতেও সম্পৃক্ত হওয়ার বিষয়ে তারা আলোচনা করছেন। তিনি জানান, মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে সেখানে ডিস্ট্রিবিউশন কোম্পানি প্রতিষ্ঠা করা বা অধিগ্রহণ করার পরিকল্পনা রয়েছে তাদের। ইতোমধ্যে সৌদি আরবে সরিষার তেল ও মুড়ি রপ্তানি কার্যক্রমে সম্পৃক্ত হয়েছে শপআপ।
আলীফ জামান আরও জানান, বাংলাদেশের প্রথম কোম্পানি হিসেবে নাসডাকে তালিকাভুক্ত হওয়া তাদের স্বপ্ন। সম্প্রতি নিউইয়র্কে তারা এ বিষয়ে কিছু আলোচনা করেছেন। তাদের লক্ষ্য চার থেকে পাঁচ বছরের মধ্যে নাসডাকে তালিকাভুক্ত হওয়া। এরা মধ্যে প্রয়োজনীয় সব যোগ্যতা তারা অর্জন করবেন বলে তিনি আশাবাদী। শপআপকে বিলিয়ন ডলারের স্টার্টআপ হিসেবে উন্নীত করাও তাদের স্বপ্ন।
এন এস


