মিডল্যান্ড ব্যাংক ও দেশ জেনারেল ইন্স্যুরেন্স ব্যাংকঅ্যাসুরেন্সে চুক্তিবদ্ধ হল
যৌথ উদ্যোগে ব্যাংকঅ্যাসুরেন্স সেবা চালু করতে চুক্তিবদ্ধ হল মিডল্যান্ড ব্যাংক ও দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সম্প্রতি রাজধানীতে মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদী খানমসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আর্থিক খাতে গ্রাহকসেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সহযোগিতায় এ সেবা চালু হচ্ছে।
ব্যাংকাস্যুরেন্স সেবার মাধ্যমে বীমা সংক্রান্ত গ্রাহকরা মিডল্যান্ড ব্যাংকের যে কোনো শাখা থেকে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ব্যাংকাস্যুরেন্স এর আওতাধীন বিভিন্ন বীমা পণ্য ও সেবা সহজে গ্রহণ করতে পারবেন।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদিত বিভিন্ন বীমা পণ্য, যেমন- গাড়ি বীমা, ভ্রমণ বীমা, স্বাস্থ্য বীমা, কৃষি বীমা ও শস্য বীমা এই ব্যাংকাস্যুরেন্স সেবার আওতায় থাকবে।
তবে আপাতত কেবল মোটর বীমা চালু করা হয়েছে, ক্রমান্বয়ে অন্যান্য বীমা সুবিধাও চালু হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর ফলে গ্রাহকরা একই প্ল্যাটফর্মে ব্যাংকিং ও বীমা সেবা পাবেন, যা তাদের আর্থিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


