মালয়েশিয়ায় ঊর্ধ্বমুখী পাম অয়েলের মজুদ

মালয়েশিয়ায় গত মাসে পাম অয়েলের মজুদ আগের মাসের তুলনায় ৮ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে। মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ লাখ ১০ হাজার টনে। দেশটির পাম অয়েল নিয়ন্ত্রক সংস্থা মালয়েশিয়া পাম অয়েল বোর্ড (এমপিওবি) সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, গত মাসে দেশটিতে পাম অয়েল উৎপাদন লক্ষণীয় মাত্রায় বেড়েছে। কিন্তু সে তুলনায় রফতানি না বেড়ে উল্টো কমেছে। অর্থাৎ উৎপাদিত পাম অয়েল বিক্রি না হওয়ায় মজুদ বেড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ইন্দোনেশিয়া পাম অয়েল রফতানিতে নিষেধাজ্ঞা আরোপের পর ব্যাপক সুবিধা পায় মালয়েশিয়া। দেশটির রফতানি বেড়ে যায়। তবে ইন্দোনেশিয়া নিষেধাজ্ঞা উঠিয়ে দেয়ার পাশাপাশি পণ্যটির শুল্ক কমিয়ে দিলে আবারো দুই দেশের মধ্যে প্রতিযোগিতা তীব্র হয়। এ কারণে রফতানি নিম্নমুখী হয়ে পড়ে।

এমপিওবির দেয়া তথ্য বলছে, গত মাসে মালয়েশিয়ার অপরিশোধিত পাম অয়েল রফতানি আগের মাসের তুলনায় ১৩ দশমিক ২৬ শতাংশ কমেছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১১ লাখ ৯০ হাজার টনে। এর বিপরীতে পণ্যটির উৎপাদন ৫ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার টনে।

সম্পর্কিত খবর