ভারতে মন্দার মুখে ইস্পাতের ব্যবহার
ভারতে পরিশোধিত ইস্পাতের ব্যবহার কমেছে। আকাশছোঁয়া দামের কারণে শিল্প ধাতুটির চাহিদা কমে যাওয়ায় ব্যবহারে নেতিবাচক প্রভাব পড়েছে। ইস্পাতবিষয়ক মন্ত্রণালয়ের জয়েন্ট প্লান্ট কমিটি (জেপিসি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নভেম্বরে ভারতে পরিশোধিত ইস্পাতের ব্যবহার গত বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ কমেছে। অক্টোবরের তুলনায় কমেছে ৩ দশমিক ২ শতাংশ। ব্যবহারের পরিমাণ দাঁড়িয়েছে ৮৪ লাখ ৭০ হাজার টনে। পরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে ৯১ লাখ ৯০ হাজার টন। গত বছরের নভেম্বরের তুলনায় উৎপাদন বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ। তবে অক্টোবরের তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ কমেছে।
পরিশোধিত ইস্পাত উৎপাদনে কয়লার ব্যবহার হয়ে থাকে। কিন্তু নভেম্বরে জ্বালানি পণ্যটির দাম ছিল ঊর্ধ্বমুখী। অন্যদিকে ভারতের উত্তরাঞ্চলের রাজ্যগুলোয় অবকাঠামো নির্মাণে নিষেধাজ্ঞা ও উত্তরাঞ্চলে অতিবৃষ্টি ইস্পাতের চাহিদায় নেতিবাচক প্রভাব তৈরি করেছে। এসব কারণেই ধাতুটির ব্যবহার কমেছে।
জেপিসির প্রতিবেদনের তথ্য বলছে, গত বছর পরিশোধিত ইস্পাত উৎপাদনে মন্দাভাব দেখা দিলেও চলতি বছর শক্তিশালী প্রবৃদ্ধি এসেছে। এপ্রিল-নভেম্বর পর্যন্ত পরিশোধিত ইস্পাত উৎপাদন ২৬ শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ২০ লাখ ৬০ হাজার টন। এ সময় ধাতুটির ব্যবহার ২০ দশমিক ৪ শতাংশ বেড়ে ৬ কোটি ৬৩ লাখ ৭০ হাজার টনে উন্নীত হয়েছে।


