বিএসইসির তদন্ত কমিটি গঠন
মার্চেন্ট ব্যাংক বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হামদুল ইসলামের প্লেসমেন্ট শেয়ারে বিনিয়োগের বিষয়টি খতিয়ে দেখতে দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সম্প্রতি কমিশনের পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
কমিশনের আদেশে বলা হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশকিছু কোম্পানির প্লেসমেন্ট শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হামদুল ইসলামের আইনবহির্ভূত কার্যক্রমের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এসব কোম্পানির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে ছিল বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। বিনিয়োগকারীদের স্বার্থে মোহাম্মদ হামদুল ইসলামের প্লেসমেন্ট শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে আইনবহির্ভূত কার্যক্রম খতিয়ে দেখতে তদন্ত করা প্রয়োজন। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দেখতে বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ গোলাম কিবরিয়া ও সহকারী পরিচালক অমিত কুমার সাহার সমন্বয়ে দুই সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হলো। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে কমিশনের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, বানকোর এমডির প্লেসমেন্ট শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে আইনবহির্ভূত কার্যক্রম সংঘটিত হয়েছে বলে কমিশনের কাছে যথেষ্ট সন্দেহ উদ্রেক হয়েছে। তাই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


