বাজেটের অর্থ ছাড় ও বিল জমার সময় বাড়ল

সব মন্ত্রণালয় ও বিভাগের জন্য চলতি ২০২৩-২৪ অর্থবছরের অর্থ ছাড় (অবমুক্তি) ও বিল দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তি ও বিল দাখিলের সময় বাড়িয়ে গত বৃহস্পতিবার একটি পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

আর্থিক খাতে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ নির্দেশনা জারি করার কথা উল্লেখ করে পরিপত্রে বলা হয়, পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ ছাড়ের সময়সীমা ১৩ জুন থেকে বাড়িয়ে ২৩ জুন করা হয়েছে। পরিচালন ও উন্নয়ন উভয় খাতে নতুন ব্যয় বিল দাখিলের সময়সীমা ২০ জুন থেকে বাড়িয়ে ২৪ জুন করা হয়েছে।
তবে পরিপত্রে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে পরিচালন ও উন্নয়ন উভয় খাতে ফেরত বিল দাখিলের সময়সীমা ২৫ জুন, বিল নিষ্পত্তি ও চেক ইস্যুর সর্বশেষ তারিখ ২৫ জুন এবং বাজেট বরাদ্দের আওতায় বিদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে আমদানি ও মূল্য পরিশোধের সর্বশেষ তারিখ ২৭ জুন অপরিবর্তিত রাখা হয়েছে।

কিন্তু যেসব ক্ষেত্রে ৩০ জুনের মধ্যে আমদানি ও মূল্য পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না, সে ক্ষেত্রে অসুবিধার কারণ, চলতি অর্থবছরে স্থাপিত এলসির বিপরীতে আগামী অর্থবছরে পরিশোধযোগ্য অর্থের পরিমাণ ইত্যাদি বিস্তারিতভাবে উল্লেখপূর্বক স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন সর্বশেষ ২০ জুনের মধ্যে অর্থ বিভাগে পাঠাতে হবে। অন্যদিকে বাজেট বরাদ্দের বিপরীতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক কোনো আমদানি এলসি স্থাপন কিংবা নিষ্পত্তির সর্বশেষ তারিখ ২৭ জুন।
তবে বেতন-ভাতাসংক্রান্ত বিল এ সময়সীমার আওতামুক্ত থাকবে। পরিচালন ও উন্নয়ন খাতের অর্থ অবমুক্তি, ব্যয় বিল দাখিল ও চেক ইস্যুর সময়সীমা কোনোক্রমেই আর বাড়ানো হবে না বলেও পরিপত্রে উল্লেখ করা হয়।

এন এস

সম্পর্কিত খবর