বন্ড ইস্যুর আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত বিডি ফাইন্যান্সের
জিরো কুপন বন্ড ইস্যুর আবেদন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পরিষদ। ‘ফার্স্ট জিরো কুপন বন্ড’ নামে এই বন্ডের আকার ২০০ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যবসা সম্প্রসারণ ও তহবিলে বৈচিত্র্য আনতে গত বছরের শেষের দিকে জিরো কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয় বিডি ফাইন্যান্সের পরিষদ। বন্ডটির বৈশিষ্ট্য এটি রূপান্তর অযোগ্য ও পুরোপুরি অবসায়নযোগ্য। এর প্রতি ইউনিটের মূল্য ১০ লাখ টাকা। মেয়াদ তিন বছর। ডিসকাউন্ট রেট ৭ শতাংশ থেকে ৭ দশমিক ৫ শতাংশ (বার্ষিক)। ম্যান্ডেটেড লিড অ্যারেঞ্জার সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড ও ট্রাস্টি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি লিমিটেড।
চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) বিডি ফাইন্যান্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ১ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৫ পয়সা।


