ফখরুল-আলালসহ ১৫ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জে মামলার আবেদন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ ১৫ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জে মামলার আবেদন করা হয়েছে।

জয়বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আকরাম হোসেন বাদল বাদী হয়ে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের আদালতে এ আবেদন করেন।

বুধবার (২২ ডিসেম্বর) মামলার আবেদন করা হলেও বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) পর্যন্ত আদেশ দেননি আদালত।

আবেদনে প্রধান আসামি করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে। তার সঙ্গে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইশরাক হোসেন, চাকুরিচ্যুত মেজর দেলোয়ার হোসেন, নুরুল হক নুরু, মেজর (অব.) শহীদুল ইসলাম খান, মো. নুরে ইলিয়াস রিপন, এম রহমান মাসুম, আতিকুর রহমান সবুজ, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, ইলিয়াস মোল্লা, জাকির হোসেন, শেখ মো. তিতুমীর আকাশ ও সাংবাদিক ইলিয়াস হোসেন।

মামলার আইনজীবী অ্যাডভোকেট নুরুল হুদা গণমাধ্যমকে বলেন, মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপি নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। তারা দলীয় কর্মসূচি দিতে পারেন। কিন্তু প্রধানমন্ত্রীকে নিয়ে কুৎসা রটনা মেনে নেয়া যায় না। একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটা মেনে নিতে পারি না।

সম্পর্কিত খবর