পেরুর তামা উৎপাদনে ১০ মাসে লক্ষণীয় প্রবৃদ্ধি

চলতি বছরের প্রথম ১০ মাসে পেরুর তামা উৎপাদন লক্ষণীয় মাত্রায় বেড়েছে। মহামারীর প্রভাব কাটিয়ে অর্থনীতিতে পুনরুদ্ধার এবং খনির কার্যক্রম স্বাভাবিক হয়ে ওঠায় ধাতুটির উৎপাদন ঘুরে দাঁড়িয়েছে।

বৈশ্বিক তামা উৎপাদনে দ্বিতীয় পেরু। ধাতুটি রফতানিতেও আন্তর্জাতিক বাজারে বড় হিস্যা রয়েছে দেশটির। চলতি বছরের জানুয়ারি-অক্টোবর পর্যন্ত পেরুর তামা উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেড়েছে। দেশটির জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক মন্ত্রণালয় মিনেম সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনের তথ্য বলছে, ১০ মাসে পেরুতে ১৮ লাখ ৯৩ হাজার ৪৮৬ ফাইন টন তামা উৎপাদন হয়। গত বছরের একই সময় উৎপাদনের পরিমাণ ছিল ১৭ লাখ ২১ হাজার ২৭৩ ফাইন টন।

মিনেম জানায়, তামা উৎপাদন বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করেছে আন্তামিনা ও ক্যারো ভার্দে কোম্পানি। অক্টোবরে আন্তামিনার তামা উৎপাদন জানুয়ারির পর রেকর্ড সর্বোচ্চে পৌঁছে। এ সময় উৎপাদন হয় ৪৫ হাজার ৯৫৪ ফাইন টন তামা। এদিকে আঞ্চলিক পর্যায়ে ধাতুটির উৎপাদন বৃদ্ধিতে বড় অবদান রেখেছে আঙ্কাস প্রদেশ। এ প্রদেশে তামা উৎপাদন বেড়েছে ২০ দশমিক ৬ শতাংশ।

সম্পর্কিত খবর