পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে তীব্র যানজট
টানা ৩ দিনের ছুটি ও ফেরি সংকটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে তীব্র যানজট দেখা দিয়েছে। পারাপারের অপেক্ষায় রয়েছে ১২শ যানবাহন।
শীতের মধ্যে যানবাহন শ্রমিক এবং হাজার হাজার যাত্রী ঘণ্টা ঘণ্টার পর বসে থেকেও ফেরিতে উঠতে পারছেন না। ফলে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার মানুষকে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল থেকে ছোটবড় মিলে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। বিজয় দিবস ও সাপ্তাহিক ছুটিসহ ৩ দিনের ছুটি ও ফেরি সংকটের কারণে উভয় ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পাটুরিয়া ঘাটের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছেন, পাটুরিয়া প্রান্তে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শতাধিক যাত্রীবাহী বাস, ৪ শতাধিক ছোট যানবাহন এবং উথুলি সংযোগ মোড় ও টার্মিনাল ও মহাসড়কে ৭ শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় আছে।
শিবালয় থানার ওসি ফিরোজ কবির বলেন, অগ্রাধিকার ভিত্তিতে ছোট যানবাহন ও যাত্রীবাহী বাস পারাপার করা হচ্ছে। ঘাটের চাপ এড়াতে উথুলি সংযোগ মোড়ে পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে। ঘাটের চাপ কমে গেলে সিরিয়াল অনুযায়ী ট্রাকগুলো ছেড়ে দেওয়া হবে।


