পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল দুই ভায়রার, একজনের ছেলে এখনো নিখোঁজ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে প্রাণ গেছে দুই ভায়রার। তাদের একজনের ছেলে এখনো নিখোঁজ রয়েছে। দুই ভায়রার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলের অদূরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন– ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকার বাসিন্দা রেলওয়ে প্রকৌশলী রিয়াদ আহমেদ রাজু (৪৫) ও একই এলাকার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা জুয়েল (৪০)। এখনো নিখোঁজ রয়েছে নিহত রিয়াদ আহমেদ রাজুর ছেলে রামিন আরিদ (১৬)। সে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী।

এর আগে আজ বিকেল সাড়ে ৪টার দিকে ট্রলারে করে ৩০-৩৫ জন মিলে দিঘীরপাড় ইউনিয়নের ধানকোড়া এলাকায় পদ্মার শাখা নদীতে ঘুরতে বের হন। পরে তাদের বেশ কয়েকজন ট্রলার থেকে গোসল করতে নামেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ট্রলার থেকে গোসল করতে নামলে রামিন নদীর স্রোতের তোড়ে ভেসে যেতে থাকে। তার বাবা ও খালু তাকে উদ্ধার করতে গিয়ে তাঁরাও স্রোতের তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মুন্সিগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলা ফায়ার সার্ভিসের টিম ও নৌ–পুলিশ।

টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ মোস্তফা কামাল বলেন, সংবাদ পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে এসে পৌঁছায়। ঢাকা থেকে প্রশিক্ষিত ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে।

মুন্সীগঞ্জ সদর থানার চর আব্দুল্লাহ নৌ–ফাড়ির ইনচার্জ আবুল হাসনাত বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও নৌ–পুলিশের টিম রয়েছে। রামিনকে এখনো পাওয়া যায়নি।

এসএইচ

সম্পর্কিত খবর