পত্মীতলায় চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে আগুন

নওগাঁর পত্মীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা ফারজানা পারভীনের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাতে উপজেলার কমলাবাড়ি গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ওই বাড়ির সব আসবাবসহ গ্যারেজে থাকা পাঁচটি মোটরসাইকেল পুড়ে গেছে।

ফারজানা পারভীনের কর্মী-সমর্থকেরা অভিযোগ, নির্বাচনের আগে আধিপত্য বিস্তারের জের ও ভোটের দিন সংঘর্ষের ঘটনায় ঘোষনগর ইউনিয়নের ফল স্থগিত হওয়ায় প্রতিপক্ষ আওয়ামী লীগ প্রার্থী আবু বক্করের কর্মীরা রাতের আঁধারে বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে গত ৫ জানুয়ারি সন্ধ্যায় ঘোষনগর ইউনিয়নে দুটি ভোটকেন্দ্রে ভোট গণনার সময় পুলিশের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ফারজানার সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর লোকজনের সংঘর্ষ হয়। ওই দিন উত্তেজিত জনতা পুলিশের দুটি গাড়ি ও ভোটের সরঞ্জামে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় ফারজানা পারভীনসহ ১১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও আড়াই হাজার মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ।

ওই মামলায় ফারজানা ও তার স্বামী মতিউর রহমানসহ এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে ঘোষনগর ইউপি নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে। ঘোষনগর ইউনিয়নের কমলাবাড়ি ও ঘোষনগর কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ করা হবে।

কমলাবাড়ি গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত ১২টার দিকে হঠাৎ করে ফারজানা পারভীনের বাড়ির গ্যারেজে আগুন দেখতে পান স্থানীয়রা। ৫ জানুয়ারি ভোটের দিন সহিংসতায় হওয়া মামলায় গ্রেফতারের ভয়ে বর্তমানে ওই গ্রাম পুরুষশূন্য। গ্রামের নারীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে প্রায় আধা ঘণ্টা পর পত্মীতলা ফায়ার সার্ভিস স্টেশন ও মহাদেবপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে থেকে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাড়ির প্রায় সব মালামাল পুড়ে যায়।

চেয়ারম্যান প্রার্থী ফারজানা পারভীনের মেয়ে জামাই আতিকুর রহমান জানান, তার শাশুড়ি-শ্বশুর দুজনই বর্তমানে জেলে আছেন। এই সুযোগে শুক্রবার রাত ১২টার দিকে দুবৃর্ত্তরা আগুন ধরিয়ে দেন। গ্রেফতারের ভয়ে আমার শ্বশুরের গ্রাম বর্তমানে পুরুষশূন্য। ফলে রাতে আগুন নেভানোর মতো কেউ ছিল না। ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে আসতে পুরো বাড়ি পুড়ে যায়। বাড়িতে ৫টি মোটরসাইকেল ও বহু মূল্যবান আসবাব ছিল। এছাড়া ঘর ভর্তি ধান ছিল। সব পুড়ে গেছে।

এ বিষয়ে ঘোষনগর ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দীক জানান, আমার কোনো লোকজন ফারজানার বাড়িতে আগুন দেয়নি। তারা নিজেরাই আগুন দিয়ে আমার ওপর চাপানোর চেষ্টা চালাচ্ছে।

পত্মীতলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রায়হান ইসলাম বলেন, আগুনে বাড়ির অধিকাংশ মালামাল পুড়ে গেছে। তবে ক্ষতির পরিমাণ কত হতে পারে তা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।

শনিবার সকালে পত্মীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম বলেন, আগুন লাগার ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনাটি কীভাবে ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রকৃত দায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর