বিজিএমইএ নেতাদের ড. ইউনূস
‘দেশ পুনর্গঠনে সহায়তা করুন’

বুধবার ( ১৪ আগষ্ট ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান। খবর বাসসের।

প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার উত্তরাধিকার সূত্রে একটি ভগ্ন অর্থনীতি পেয়েছে এবং তারা এখন দেশকে ঠিক করার এবং একে প্রবৃদ্ধির পথে নিয়ে যাওয়ার কঠিন কাজের সম্মুখীন।

বিজিএমইএ নেতাদের উদ্দেশে ড. ইউনূস বলেন, সব প্রতিষ্ঠান ভেঙে গেছে। আমরা একটা বিশৃঙ্খল অবস্থায় পড়েছি। তারা আমাদের অর্থনৈতিক সংকটে ফেলে গেছে। কিন্তু সবার সহযোগিতায় আমরা দেশকে পুনর্গঠন করতে পারব।

বৈঠকে বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বে পোশাক শিল্পোদ্যোক্তাদের একটি প্রতিনিধি দল পোশাক শিল্পের বর্তমান সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।

২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বলেন, দেশ ব্যর্থ হতে পারে না। হলে এর প্রভাব হবে ভয়াবহ। জাতি অস্তিত্ব সংকটের সম্মুখীন হতে পারে।

তিনি পোশাক প্রস্তুতকারকদের তাদের ব্যবসাকে রাজনীতি থেকে দূরে রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের একটি স্পষ্ট বার্তা দিতে হবে যে, আপনারা ব্যবসাকে রাজনীতির সঙ্গে মেশাবেন না।’

অধ্যাপক ইউনূস ছাত্র নেতৃত্বাধীন সাম্প্রতিক বিপ্লবকে ‘মানব ইতিহাসে নজিরবিহীন’ বর্ণনা করে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর অর্পিত দায়িত্বের কথা উল্লেখ করেন। তিনি বলেন, তারা আমাদের ওপর আস্থা রেখেছেন। আমি বিদেশে থাকা অবস্থায় তারা আমাকে নেতৃত্ব গ্রহণের জন্য অনুরোধ করেছিল।

জাতির এই সংকটকালে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রতি বিজিএমইএ নেতারা পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। তারা বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে খাতভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি টাস্কফোর্স গঠনের অনুরোধ জানান। তারা ঋণ পরিশোধের শর্ত শিথিল এবং ইউটিলিটি বিল পরিশোধসহ কয়েকটি দাবি তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা ধৈর্য সহকারে তাদের কথা শোনেন এবং দাবিগুলো বিবেচনার প্রতিশ্রুতি দেন।

ড. ইউনূস বলেন, আমরা প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করব। বাংলাদেশের জনগণের অসীম প্রতিভা রয়েছে। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। আমরা চাই এটি আরও প্রসার লাভ করুক।

বিজিএমইএ প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন, সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, আরশাদ জামাল (দীপু), নাসির উদ্দিন, মিরান আলী, আব্দুল্লাহ হিল রাকিব, রকিবুল আলম চৌধুরীসহ পরিচালকরা।
এন এস

সম্পর্কিত খবর