দুই জেলায় সড়কে ঝরল ভাই-বোনসহ ৪ প্রাণ

ময়মনসিংহ ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ভাই-বোনসহ চারজন প্রাণ হারিয়েছেন। রবিবার সকালে ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা দক্ষিণ বাজার জামান ফিলিং স্টেশনের সামনে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে দুজন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন নিহতদের বাবা-মা। এ ছাড়া এদিন সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় কাভার্ড ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুজন।

ময়মনসিংহ প্রতিনিধি জানান, সকালে মাইক্রোবাসে করে সপরিবারে শেরপুরের শ্রীবরদী থেকে ঢাকা যাচ্ছিলেন তোরাব। এ সময় ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা দক্ষিণ বাজার জামান ফিলিং স্টেশনের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তোরাবের মেয়ে মাশুরা নোকাদ্দেছ তানাছ (১৬) ও ছেলে আনাছ আহনাফ (৩) প্রাণ হারায়।

এ ঘটনায় তোরাব ও তার স্ত্রী মনিরা বেগম আহত হন। তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তারাকান্দা থানার ওসি ওয়াজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে টাঙ্গাইল প্রতিনিধি জানিয়েছেন, তিন যাত্রী নিয়ে প্রাইভেট কারচালক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এলে একটি কাভার্ড ভ্যানের পেছনে প্রাইভেট কারটি ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারের চালকসহ ‍দুই যাত্রী নিহত হন। আহত হয়েছেন আরো দুজন। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুল রহমান বলেন, সকালে তিন যাত্রী নিয়ে প্রাইভেট কার চালক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন।

আশেকপুর এলাকায় পৌঁছলে কার্ভাড ভ্যানের পেছনে প্রাইভেট কারটি ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক নিহত হন।
এ ঘটনায় আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান। মরদেহগুলো টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

এন এস

সম্পর্কিত খবর