দিনাজপুরে লংকাবাংলা ফাউন্ডেশনের বাইসাইকেল বিতরণ

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে লংকাবাংলা ফাউন্ডেশন দিনাজপুরে দরিদ্র ও মেধাবী স্কুলছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেছে। সম্প্রতি দিনাজপুরের বিরল উপজেলার ১০ নং রানীপুকুর ইউনিয়নে ১০০ শিক্ষার্থীর মাঝে এ বাইসাইকেল বিতরণ করা হয়।

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্সের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মোহাম্মদ হাফিজ আল-আহাদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. হাবিব হায়দার, ১০নং রানীপুকুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুক আজম, লংকাবাংলা ফাইন্যান্স দিনাজপুর শাখার প্রিন্সিপ্যাল অফিসার মো. আনোয়ার হোসেন প্রমুখ।

শনিবার সকাল থেকেই রানীপুকুর ইউনিয়ন পরিষদ মাঠে নতুন বাইসাইকেলের জন্য অপেক্ষা করছিল রানীপুকুর ইউনিয়নের এসব স্কুলছাত্রী। সবার চোখে-মুখে নতুন বাইসাইকেল পাওয়ার আনন্দ।

সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আয়শা আক্তার জানায় স্কুল দূরে হওয়ায় প্রতিদিন মায়ের কাছে টাকা নেয়া লাগত। অনেক সময় টাকার অভাবে স্কুলে যাওয়া হতো না। নতুন বাইসাইকেল পাওয়ায় প্রতিদিন স্কুলে যাওয়ায় আর বাধা হবে না।

হাফিজ আল-আহাদ বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে লংকাবাংলা ফাউন্ডেশন শিক্ষা, চিকিৎসা ও পরিবেশ নিয়ে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুরে ১০০ স্কুলছাত্রীকে আমরা বাইসাইকেল দিয়েছি। এটি তাদের শিক্ষাজীবন কিছুটা হলেও সহজ করবে।

হাবিব হায়দার বলেন, লংকাবাংলা মুনাফা করে। কিন্তু এ মুনাফার একটি বড় অংশ আমরা সমাজে ফিরিয়ে দিই। এসব বাইসাইকেল শুধু মেয়েদের স্কুলে যাওয়া-আসা সহজ করবে না, এর মাধ্যমে মেয়েরা সাহসী ও প্রত্যয়ী হয়ে উঠবে। পড়ালেখায় নিয়মিত থাকলে বাল্যবিবাহও কমে যাবে।

ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুক আজম বলেন, লংকাবাংলা ফাউন্ডেশনের এ উদ্যোগ প্রত্যন্ত এলাকার দরিদ্র ও মেধাবী ছাত্রীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সম্পর্কিত খবর