তৃতীয় প্রান্তিকে আইসিআইসিআই ব্যাংকের রেকর্ড মুনাফা
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে ভারতের আইসিআইসিআই ব্যাংকের নিট মুনাফার পরিমাণ আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ২৫ শতাংশ বেড়েছে। এতে ব্যাংকটির মুনাফার পরিমাণ দাঁড়ায় ৬ হাজার ১৯৪ কোটি রুপি। এ প্রান্তিকে ব্যাংকের ঋণ ও ফি-সংক্রান্ত আয়ে শক্তিশালী আয় এ প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রেখেছে। খবর দ্য ইকোনমিক টাইমস।
ডিসেম্বরে ব্যাংকটির নিট সুদ আয় (এনআইআই) ২৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ১২ হাজার ২৩৬ কোটি রুপি। এক বছর আগের এ সময়ে এনআইআইয়ের পরিমাণ ছিল ৯ হাজার ৯১২ কোটি রুপি। ঋণ দেয়ার পরিমাণ ১৬ শতাংশ বৃদ্ধিতে এ আয় অর্জিত হয়েছে। একই সময়ে ব্যাংকের খুচরা আয় বাড়ে ১৯ শতাংশ, ব্যবসায়িক ব্যাংকিং প্রবৃদ্ধি অর্জিত হয় ৩৯ শতাংশ এবং এসএমই ঋণের পরিমাণ বাড়ে ৩৪ শতাংশ। এক বছর আগের একই সময়ের তুলনায় এসব প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ডিসেম্বরে ব্যাংকটির নিট ইন্টারেস্ট মার্জিন (এনআইএম) ৩ দশমিক ৯৬ শতাংশে উন্নীত হয়েছে। এক বছর আগের একই সময়ে এনআইএমের পরিমাণ ছিল ৩ দশমিক ৬৭ শতাংশ। এ সময় খুচরা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬১ শতাংশের বেশি।
আইসিআইসিআইয়ের নির্বাহী পরিচালক সন্দ্বীপ বাত্রা বলেন, ভবিষ্যতে আরো প্রবৃদ্ধি অর্জনে ব্যাংক যথেষ্ট আশাবাদী। যে চিত্র আমরা তৈরি করেছি তার ওপর আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। অর্থনীতির সামগ্রিক প্রবৃদ্ধি থেকে ব্যাংকের অগ্রগতির সুযোগগুলো আসবে।


