তুরস্কের অপরিশোধিত ইস্পাত উৎপাদনে উল্লম্ফন

২০২১ সাল ছিল তুরস্কের অপরিশোধিত ইস্পাত উৎপাদন খাতের জন্য প্রবৃদ্ধির বছর। জানুয়ারি-নভেম্বর পর্যন্ত শিল্প ধাতুটির উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১৩ দশমিক ৪ শতাংশ। টার্কিশ স্টিল প্রডিউসারস অ্যাসোসিয়েশন (টিসিইউডি) সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

খাতসংশ্লিষ্টরা জানান, মহামারীর ধাক্কা কাটিয়ে দেশটির অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করলে বাড়তে থাকে অবকাঠামো উন্নয়ন কর্মকাণ্ড। ফলে ধাতুটির অভ্যন্তরীণ চাহিদা বাড়ে। এ কারণেই উৎপাদন বাড়ানো হয়েছে। এদিকে উৎপাদন বাড়লেও তা স্থানীয় চাহিদার জন্য পর্যাপ্ত ছিল না। ফলে ধাতুটির আমদানিও নতুন উচ্চতায় পৌঁছেছে।

তুরস্ক অপরিশোধিত ইস্পাত উৎপাদনে বিশ্বের অষ্টম শীর্ষ দেশ। গত বছরের জানুয়ারি-নভেম্বর পর্যন্ত দেশটি ৩ কোটি ৬৭ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করে। শুধু নভেম্বরেই উৎপাদন হয়েছে ৩৪ লাখ টন, যা ২০২০ সালের একই সময়ের তুলনায় ৬ দশমিক ১ শতাংশ বেড়েছে।

 

গত বছরের ১১ মাসে তুরস্ক ১ কোটি ৪৯ লাখ টন অপরিশোধিত ইস্পাত আমদানি করে। আগের বছরের একই সময়ের তুলনায় আমদানি প্রায় দ্বিগুণ বেড়েছে। নভেম্বরে দেশটি ১২ লাখ টন অপরিশোধিত ইস্পাত আমদানি করে। আগের বছরের একই সময়ের তুলনায় আমদানি ৫ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

সম্পর্কিত খবর