ঢাকা ডায়িংয়ের পর্ষদ সভা আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দ্য ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আজ। সভায় কোম্পানিটির চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং সর্বশেষ সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার কারণে এ বছরের ২ সেপ্টেম্বর থেকে কোম্পানিটির শেয়ার বি ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে। ২০২০-২১ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। আগের বছর লোকসান হয়েছিল ৪ টাকা ২৫ পয়সা। ৩০ জুন ২০২০ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৮ টাকা ৩৬ পয়সা।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৯ পয়সা, যা আগের বছরে একই সময় ছিল ৪ পয়সা। সমাপ্ত হিসাব বছরের নয় মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৭ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৩ পয়সা। এ বছরের ৩১ মার্চ ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮ টাকা ৮৫ পয়সা।

২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ডায়িংয়ের অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। বর্তমানে পরিশোধিত মূলধন ৮৭ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান ১৪ কোটি ২৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ৭১ লাখ ৫৩ হাজার ৪৫৩। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৩০ দশমিক ১০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ৪৫, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ৩৮ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি ৫৩ দশমিক শূন্য ৭ শতাংশ শেয়ার রয়েছে।

 

সম্পর্কিত খবর