টানা তৃতীয় দিনে বিক্ষোভ চলছে ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ে

নিজস্ব প্রতিবেদকঃ

ইসলামী ব্যাংকে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ২০১৭ সালে ব্যাংকটির মালিকানা পরিবর্তনের পর বাদ পড়া ও বঞ্চিত কর্মকর্তারা বিক্ষোভ করেছেন। টানা তৃতীয় দিনে আন্দোলন চালিয়ে যাচ্ছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ব্যাংকটির পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করেন।

আন্দোলনরত কর্মকর্তারা বলছেন, ব্যাংকটির পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তাদের জন্য বিআরপিডি সার্কুলার নং ২ ও ৫ বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি সকল বৈষম্য দূরীকরণ ও হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়ন করার লক্ষ্যে আজকের এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।

এর আগে গত ৬ আগস্ট ঢাকার মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছিলেন কর্মকর্তা-কর্মচারীরা।

তারা দাবি করে বলেন, গত ১৫ বছর ধরে আমরা ব্যাংকের সকল সুযোগ-সুবিধা ও পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছি।

সেদিন বিক্ষোভকারীরা সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করেন। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইসলামী ব্যাংকে অস্থিরতা শুরু হয়। বিক্ষুব্ধ কর্মকর্তারা মালিকপক্ষের কাছ থেকে পাওয়া বিশেষ সুবিধাভোগী কর্মকর্তাদের পদত্যাগের পাশাপাশি গত সাত বছরে যোগ দেওয়া কর্মকর্তাদের বাদ দেওয়ার দাবি জানান।

জানা গেছে, ২০১৭ সালে এস আলম গ্রুপ যখন ব্যাংকটির কর্তৃত্ব নেয়, তখন মুহাম্মদ কায়সার আলী ছিলেন চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা ব্যবস্থাপক। এস আলম গ্রুপও ব্যাংকটির ওই শাখার গ্রাহক। অল্প সময়ে তাকে একাধিক পদোন্নতি দিয়ে ব্যাংকের অতিরিক্ত এমডি করা হয়। ফলে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অনেকে তার ওপর ক্ষুব্ধ ছিলেন। এসব কর্মকর্তার দাবি ছিল, মুহাম্মদ কায়সার আলী ব্যাংক থেকে বের হয়ে যান। চাপে পড়ে গতকাল তিনি পদত্যাগ করে ব্যাংক থেকে চলে যান।

সম্পর্কিত খবর