গ্যাংস্টার শাকিব খান, খলনায়ক যীশু
ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়কের শুরু হয়েছে বিগ বাজেটের সিনেমা ‘তুফান’র শুটিং। পুরোপুরি অ্যাকশন ধাঁচের এই সিনেমায় সুপারস্টার শাকিব খানের বিপরীতে দেখা যাবে দুই নায়িকা মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তীকে।
কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল সিনেমাটিতে খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে আফরান নিশোকে। তবে সিনেমাটির পরিচালক রায়হান রাফি তখন বিষয়টি নাকচ করে দেন। তবে একাধিক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সিনেমাটিতে খলনায়কের ভূমিকায় থাকছেন কলকাতার যিশু সেনগুপ্ত। নির্মাতা থেকে শুরু করে প্রযোজনা প্রতিষ্ঠান সবাই বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।
নির্মাতার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই বলতে পারব না, যা বলার প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ (শ্রী ভেংকটেশ ফিল্মস) বলবে।’
‘তুফান’ নির্মিত হচ্ছে চরকি, আলফা আই ও কলকাতার এসভিএফের যৌথ প্রযোজনায়। আসছে ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।


