খালেদা জিয়ার জীবন নাশের ষড়যন্ত্র করছে সরকার: ফখরুল
ভিন্নবার্তা প্রতিবেদক: সরকার খালেদা জিয়ার জীবন নাশের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার ১৩ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। বিএনপির পক্ষ থেকে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, রাজনীতি থেকে দূরে রাখার চক্রান্তের পর, সরকারএখন খালেদা জিয়ার জীবননাশের ষড়যন্ত্র করছে। তাকে চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না।
সরকার জনগণের ওপর অত্যাচার করে বিদেশে দেশের সম্মান নষ্ট করছে উল্লেখ করে তিনি বলেন,সারা বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে ক্ষমতাসীনরা। মানবাধিকার লঙ্ঘনের কারণে বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে যাদের কারণে সরকার সেই র্যাব কর্মকর্তাদের পক্ষে সাফাই গাইছে। কিন্তু বাংলাদেশ বিশ্বের দরবারে মানবাধিকারশূন্য হিসেবে চিহ্নিত। নির্বাচন, শিক্ষা, স্বাস্থ্য ধ্বংস করে লুটপাটের অর্থনীতি।
তিনি বলেন, ৭১ এর সাথে বর্তমানের চেহারার কোনও পার্থক্য নেই। তরুন যুবকদের গণতন্ত্রের কথা বলায় হত্যা করা হয়েছে। বর্তমান সরকার স্বাধীনতার কথা বলে জনগনের উপর স্টিম রোলার চালাচ্ছে। হানাদারদের থেকে কোনও অংশে পিছিয়ে নেই তারা।
দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু , ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান প্রমুখ বক্তৃতা করেন।


