ক্যাটরিনার বিয়ের হীরার আংটির দাম কত জানেন?

কাঙিক্ষত পরিণতি পেয়েছে ক্যাটরিনা-ভিকির প্রেম কাহিনি। রূপকথার স্বপ্নপুরী যোধপুরের গোধূলি আলোয় চারহাত এক হলো ‘ভিক্যাট’-এর। দুই বছর ধরে বলিউড পাড়ায় তাদের প্রেম নিয়ে কম চর্চা হয়নি, তবে ক্যাটকে ভালোবাসার কথা অস্বীকার করেননি ভিকি। দুজনের বিয়ে নিয়ে কয়েকদিন ধরে সংবাদমাধ্যমে নানা খবর প্রচার হয়, সোশ্যাল মিডিয়ায় চলছে জোর চর্চা। সাত পাকে বাঁধা পড়ার আগে দুজনের একজনও এ ব্যাপারে মুখ খুলেননি।

বিয়ের পর সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন নবদম্পতি। বিয়েতে ডিজাইনার সব্যসাচীর পোশাকে সেজেছেন ‘ভিক্যাট’। ওয়েডিংয়ের প্রত্যেক ছবিই যেন আলাদা একটা গল্প বলছে। মুগ্ধ হয়ে নতুন কনে ক্যাটরিনার দিকে তাকিয়ে সবাই! ক্যাটরিনার পরনের লাল লেহেঙ্গা, মাথার বিশেষ ওড়না, গলার কুন্দনের হার, হাতের কলিরে, চূড়া- সবই নজর কেড়েছে অনুরাগীদের।

এদিন ক্যাটরিনার মেহেন্দি রাঙা হাতের অনামিকায় ঝলমল করছে প্ল্যাটিনামের আংটি। সেটি তার ওয়েডিং রিং তা বলার অপেক্ষা রাখে না। এই আংটিই ক্যাটরিনার হাতে পরিয়েই আজীবনের জন্য প্রেমের বাঁধনে বেঁধেছেন ভিকি। ফ্যাশন বোদ্ধাদের কাছে খুব পরিচিত এই প্ল্যাটিনামের আংটি। এমনই আংটি প্রিসেন্স ডায়নাকে পরিয়েছিলেন প্রিন্স চার্লস।

টিফানি অ্যান্ড কোংয়ের এই সোলেস্টে এনগেজমেন্ট রিংয়ের দাম ৯ হাজার ৮০০ ডলার, বাংলাদেশি মুদ্রায় যার দাম ৮ লাখ ৪২ হাজার ২৬২ টাকা (ডলারপ্রতি ৮৫.৯৫ টাকা ধরে)। আংটির মাঝের নীল হীরাটি কুসন আকারের, চারপাশে ছোট ছোট সাদা হীরা দিয়ে মোড়ানো, যা তৈরি করে ইতালির বিখ্যাত এই সংস্থা।

অন্যদিকে, টিফানি ক্লাসিক ওয়েডিং রিংয়ের কালেকশন থেকে পছন্দ করে ভিকির হাতেও আংটি পরিয়ে দিয়েছেন ক্যাট। সেই হীরার আংটির দাম ১ হাজার ৭০০ ডলার, অর্থাৎ ১ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা।

বিয়ের মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নবদম্পতির বার্তা, ‘যা কিছু আমাদের এই মুহূর্ত পর্যন্ত নিয়ে এসেছে সেসবের জন্য কেবল ভালবাসা ও কৃতজ্ঞতা। আমাদের একসঙ্গে চলার এই নতুন পথে আপনাদের সবার ভালোবাসা ও আশীর্বাদ কামনা করছি।’

সম্পর্কিত খবর