যমুনা লাইফ ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ:
কামরুল হাসানকে অনুমোদন কেন দেয়া হবে না, জানতে চায় আদালত
নিয়োগ নবায়ন প্রস্তাব অনুমোদনের আদেশ চেয়ে হাইকোর্টে রীট করেছেন যমুনা লাইফের সাবেক সিইও কামরুল হাসান খন্দকার। রীট পিটিশনের পর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রতি রুল জারি করেছে হাইকোর্ট। রুলে কামরুল হাসানের নিয়োগ অনুমোদনের নির্দেশ কেন দেয়া হবে না, তা ১৩ জুনের মধ্যে জানাতে বলেছে আদালত।
হাইকোর্টের বিচারপতি মুহম্মদ খুরশীদ আলম সরকার এবং বিচারপতি এস এম মনিরুজ্জামানের দ্বৈত বেঞ্চে রীটের শুনানি হয়। গত ৩ জুন কামরুল হাসান খন্দকার আইডিআরএর নিয়োগ না মঞ্জুরের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রীট পিটিশন দাখিল করেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটোর্নী জেনারেল হুমায়ন কবির, মিসেস ফরজানা রহমান স্বপ্না, মাসুদ রানা মোহাম্মদ এবং সহকারি অ্যাটোর্নী জেনারেল আলী আকবর খান। বাদির পক্ষে ছিলেন অ্যাডভোকেট আশীস কর্মকার এবং ফয়সাল আহমেদ রুমি।
কামরুল হাসান খন্দকার আদালতে বলেন, আইডিআরএ সিইও পদে কোম্পানির পরিচালনা পর্ষদের দেয়া নিয়োগ নবায়ন প্রস্তাব অনুমোদন না করায় তার অধিকার ক্ষুন্ন হয়েছে। তিনি আর্জিতে বীমা কর্তৃপক্ষের এই আদেশ বাতিল করে তার নিয়োগ প্রস্তাব অনুমোদনে আইডিআরএকে নির্দেশ প্রদানের জন্য মহামান্য আদালতের প্রতি আবেদন জানান।
বিজ্ঞ আদালত বাদি ও বিবাদি পক্ষের আইনজীবির বক্তব্য শুনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে কেন বাদির নিয়োগ অনুমোদন করা হয়নি- এর কারন ব্যাখ্যা করতে দশ দিনের সময় দিয়ে রুল জারি করে।
এর আগে ১৯ মার্চ আইডিআরএ যমুনা লাইফ ইন্স্যুরেন্সের সিইও কামরুল হাসান খন্দকারের নিয়োগ নবায়নের আবেদন না-মঞ্জুর করে। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আইডিআরএ রিভিউ আবেদন করেন তিনি। এরপর বিষয়টি আদালতে পর্যন্ত গড়ায়। হাইকোর্টে এই রিভিউ পিটিশনের উপর শুনানি হয়। কামরুল হাসানের নিয়োগ অনুমোদনে কেন নির্দেশ দেয়া হবে না, তা আগামী ১৩ জুনের মধ্যে জানতে চেয়েছেন আদালত।


