কাজাখস্তানে কমেছে তামা উৎপাদন, বেড়েছে ইস্পাত
চলতি বছরের ১১ মাসে কাজাখস্তানে পরিশোধিত তামা উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ১ শতাংশ কমেছে। বিপরীতে পরিশোধিত দস্তা উৎপাদন ৪ দশমিক ৫ এবং অপরিশোধিত ইস্পাত উৎপাদন ১৪ দশমিক ৭ শতাংশ বেড়েছে। দেশটির পরিসংখ্যান ব্যুরো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মাসভিত্তিক প্রতিবেদনটিতে বলা হয়, জানুয়ারি-নভেম্বর পর্যন্ত ৩ লাখ ৯৪ হাজার ৯৪৪ টন পরিশোধিত তামা উৎপাদন হয়েছে। ১১ মাসে কমলেও সর্বশেষ নভেম্বরে ধাতুটির উৎপাদন বেড়েছে। এ সময় ৩৭ হাজার ১০৩ টন পরিশোধিত তামা উৎপাদন হয়, যা আগের মাসের তুলনায় ৯ দশমিক ৬ শতাংশ বেশি। অক্টোবরে উৎপাদনের পরিমাণ ছিল ৩৩ হাজার ৮৬২ টন।
এদিকে ১১ মাসে পরিশোধিত দস্তা উৎপাদন হয়েছে ২ লাখ ৯৯ হাজার ১৭০ টন। জানুয়ারি-নভেম্বর পর্যন্ত উৎপাদন বাড়লেও শুধু নভেম্বরে উৎপাদন কমেছে। এ সময় উৎপাদন হয় ২৮ হাজার ৮৩৬ টন পরিশোধিত দস্তা, যা আগের মাসের তুলনায় ১২ দশমিক ৩ শতাংশ কম। অক্টোবরে উৎপাদনের পরিমাণ ছিল ৩২ হাজার ৮৯৯ টন।
অন্যদিকে ১১ মাসে অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে ৪১ লাখ ১১ হাজার ৫১১ টন। নভেম্বরেও শিল্প ধাতুটির উৎপাদন বেড়েছে। এ সময় উৎপাদন হয় ৩ লাখ ৯১ হাজার ৩৯৬ টন অপরিশোধিত ইস্পাত, যা অক্টোবরের তুলনায় ১৫ দশমিক ১ শতাংশ বেশি।


