এসব মুখরোচক শব্দবৃষ্টি করে কোনো লাভ নেই: ওবায়দুল কাদের
বিএনপির আন্দোলনের হুমকি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির নেতাদের উদ্দেশে বলেছেন, সরকার পতন, আন্দোলন— এসব মুখরোচক শব্দবৃষ্টি করে কোনো লাভ নেই।
শুক্রবার রাজধানীর নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যম আর নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো বিকল্প নেই। তাই অলিগলি পথে না হেঁটে নির্বাচনমুখী হওয়ার জন্য বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান।
সরকার নাকি স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মানুষের অধিকার হরণ করেছে— বিএনপি নেতাদের এমন কাল্পনিক অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা যখন এসব কথা বলেন, তখনও স্বাধীনতাবিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তাদের বগলদাবায়।
তিনি বলেন, দেশবিরোধী সব অপশক্তির অভিন্ন প্লাটফরম হচ্ছে বিএনপি। যারা নিজেরাই স্বাধীনতার চেতনা নস্যাতে জন্মলগ্ন থেকেই অপতৎপরতা চালাচ্ছে।
আওয়ামী লীগের নেতৃত্বে দেশের স্বাধীনতা এসেছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগই জনগণকে সুরক্ষা দিতে পারে।


