এবার সিলেটে মুরাদের বিরুদ্ধে মামলা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করায় সিলেটের আদালতে সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
রোববার (১২ ডিসেম্বর) দুপুরে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিলেটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তানভীর আক্তার খান বাদী হয়ে মামলাটি করেন।
ট্রাইব্যুনালের বিচারক আবুল কাশেম মামলাটি আমলে নিয়েছেন এবং ১৫ ডিসেম্বর পরবর্তী শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছেন বলে অ্যাডভোকেট তানভীর আক্তার খান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মুরাদ হাসানের কুরুচিপূর্ণ ও অশ্লীল ভাষায় নারীবিদ্বেষমূলক বক্তব্যের কারণে বিচার চেয়ে এ মামলা করা হয়েছে।
জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান পদত্যাগ করেন। এরপর ৯ ডিসেম্বর দিনগত রাত ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যামিরেটসের ফ্লাইটে দুবাই হয়ে কানাডার উদ্দেশ্যে রওনা দেন তিনি। কিন্তু কানাডায় প্রবেশে ব্যর্থ হয়ে সেখান থেকে দুবাই যাওয়ার চেষ্টা করেন তিনি। এরপর আজ আবারও ঢাকায় ফিরেছেন ডা. মুরাদ।


