এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি বাংলাদেশ শিপিং করপোরেশন

প্রতিকূল পরিস্থিতির কারণে বিশেষত প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে না পারায় চাহিদা অনুযায়ী বহরে নতুন জাহাজ যুক্ত করতে পারেনি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। যদিও নিজেদের সক্ষমতা বাড়াতে ২০১৮ সালে ছয়টি জাহাজ কেনার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত অনুমোদন পায়নি পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটি।

সম্প্রতি চট্টগ্রামে বিএসসি ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জাহাজ কেনার বিষয়টি নিয়ে কথা বলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির। ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত তথ্য জানাতে ওই সংবাদ মতবিনিময়ের আয়োজন করা হয়।

পরবর্তী সময়ে জাহাজ কেনা হচ্ছে উল্লেখ করে বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এর জেরে প্রতিষ্ঠানটির কাছে বিষয়টির ব্যাখ্যা জানতে চায় ডিএসই। এজন্য গত ১৯ জানুয়ারি বিএসসিকে চিঠি দেয় এক্সচেঞ্জটি। ওই চিঠির জবাবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ছয়টি জাহাজ কেনার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। বিভিন্ন ধরনের ছয়টি জাহাজ কেনার সিদ্ধান্তের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। এ সিদ্ধান্ত নেয়া হয় ২০১৮ সালে। এর পর থেকে প্রতি বছরই বার্ষিক সাধারণ সভা, প্রেস ব্রিফিং ও বার্ষিক প্রতিবেদনে এ সিদ্ধান্তের বিষয়টি উল্লেখ করা হয়। তবে জাহাজ কেনার বিষয়টি যেহেতু এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি, সে কারণে এটি কোনো মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) নয়।

সম্পর্কিত খবর