একীভূতকরণ স্কিমে আরএন স্পিনিংয়ের পর্ষদের অনুমোদন

সামিন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেক্সটাইল মিলস লিমিটেডের সঙ্গে একীভূতকরণের খসড়া স্কিমে অনুমোদন দিয়েছে আরএন স্পিনিং মিলসের পরিচালনা পর্ষদ। হাইকোর্ট বিভাগ ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়ার পর এ একীভূতকরণ চূড়ান্ত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

সামিন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেক্সটাইল মিলস ও আরএন স্পিনিং ফার গ্রুপের দুটি অঙ্গপ্রতিষ্ঠান। এর মধ্যে ২০১৮-১৯ অর্থবছর থেকে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে সামিন ফুড। প্রতিষ্ঠানটির কারখানা গাজীপুর সদরের ভবানীপুরে। কারখানাটিতে ৭৯ হাজার ৮৪৮টি স্পিন্ডলের মাধ্যমে কটন, ভিসকস ও সিভিসি ইয়ার্ন স্পিনিং তৈরি করা হয়।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আরএন স্পিনিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে লোকসান ছিল ৬ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ পয়সায়।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি আরএন স্পিনিং। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৮ পয়সা, যেখানে আগের বছরে লোকসান ছিল ৮৮ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৫ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৩ পয়সা।

 

সম্পর্কিত খবর