ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে পুঁজিবাজার
দেশের পুঁজিবাজার ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে। টানা চার কার্যদিবসে সূচকের উত্থানের পরে কিছু মূল্য সংশোধন হয় পুঁজিবাজারে। বুধবার ( ১৪ আগষ্ট ) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ফের পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি সূচকের উত্থান ঘটেছে। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৫২ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৭০ ও ২১৯৭ পয়েন্টে অবস্থান করছে। এ দিন ডিএসইতে ১ হাজার ২৪৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ২২৮ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ১ হাজার ১৫ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল। গতকাল ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৬টি কোম্পানির, কমেছে ২৩৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর।
বুধবার গ্রামীণফোনের ১৫৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এত লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ওঠে আসা ব্র্যাক ব্যাংক ৭২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৫৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। লেনদেনের শীর্ষ ১০ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলোÑ বেক্সিমকো ফার্মা, যমুনা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রবি আজিয়াটা, স্কয়ার ফার্মা এবং সিটি ব্যাংক।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এ দিন ১৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ১৪২ পয়েন্টে। এ দিন সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭১টির, কমেছে ১৪৮টি এবং অপরিবর্তিত রয়েছে ২১টির কোম্পানির শেয়ার দর। সিএসইতে ১৮ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৫ কোটি ৭ লাখ টাকা।
এন এস


