আজ সিআইপি কার্ড পাচ্ছেন ১৭৬ ব্যবসায়ী

পণ্য রফতানিতে অবদান রাখায় দেশের ১৩৮ জন ব্যবসায়ীকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে নির্বাচন করেছে সরকার। এছাড়া পদাধিকারবলে ট্রেড ক্যাটাগরি থেকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ৩৮ পরিচালকও পেয়েছেন সিআইপি মর্যাদা। দুই ধরনের সিআইপি মিলিয়ে ২০১৮ সালের জন্য মোট ১৭৬ জনের নাম উল্লেখ করে এরই মধ্যে গেজেট প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিতদের হাতে সিআইপি কার্ড তুলে দেবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এতে আরো উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

বণিজ্য মন্ত্রণালয় থেকে সম্প্রতি প্রকাশিত গেজেট অনুযায়ী এবার পণ্য রফতানি ক্যাটাগরিতে বিভিন্ন খাতে সিআইপি নির্বাচিত হয়েছেন ১৩৮ জন। এক্ষেত্রে বিবেচিত রফতানি পণ্যের মধ্যে রয়েছে কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চামড়াজাত দ্রব্য, হিমায়িত খাদ্য, ওভেন গার্মেন্টস, কৃষিজাত পণ্য, এগ্রো প্রসেসিং, লাইট ইঞ্জিনিয়ারিং প্রডাক্টস, হস্তশিল্পজাত দ্রব্য, ফার্মাসিউটিক্যালস, কম্পিউটার সফটওয়্যার, নিটওয়্যার, প্লাস্টিকজাত পণ্য, স্পেশালাইজড টেক্সটাইল বা হোম টেক্সটাইল ও সিরামিক। এফবিসিসিআইয়ের ৩৮ জন পরিচালক হিসেবে সিআইপি নির্বাচিত হয়েছেন।

সম্পর্কিত খবর